দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শনিবার রাতে নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সামিয়া জানান, তার তৃতীয় কেমোথেরাপি শেষ হয়েছে। সামনের কয়েকটি দিন কিছুটা কঠিন যেতে পারে বলেও জানান তিনি। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা প্রকাশ করেছেন এই মডেল ও উপস্থাপিকা।
সামিয়া আফরিন লিখেছেন, ‘আজ আমার তৃতীয় কেমো শেষ হলো। আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব।’
নিজের জন্য একটাই প্রার্থনা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’
ক্যানসার সচেতনতার মাস উপলক্ষে নিজের অভিজ্ঞতা থেকে সবাইকে শরীরের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সামিয়া। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা না করে সময়মতো পরীক্ষা-নিরীক্ষা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। তার ভাষায়, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
নিজের যত্ন নেওয়া ও সচেতন থাকার ওপর গুরুত্ব দিয়ে সামিয়া বলেন, সচেতনতাই নিজের প্রতি ভালোবাসা। একই সঙ্গে সবাইকে আশাবাদী ও ইতিবাচক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। সে সময় সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হলে স্বাভাবিক জীবনে ফেরেন তিনি।
তবে চলতি বছরে তার শরীরে নতুন করে ডিম্বাশয়ের (ওভারিয়ান) ক্যানসার শনাক্ত হয়। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন সামিয়া।
এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ায় মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেন সামিয়া। সেই সময়ের ছবি প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানিয়েছিলেন।
/অ